খুলনার ডুমুরিয়ায় সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার। তিনি বলেন, "ভারী বর্ষণের কারণে উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ সচল রাখা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান অগ্রাধিকার। সরকারি সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করে মানুষের দুর্ভোগ কমাতে হবে।"
সভায় জলাবদ্ধতা নিরসন এবং চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আশরাফুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রিগান, উপজেলা প্রকৌশলী মো. দারুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি কৃষ্ণ এস. ডি., উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ইউপি চেয়ারম্যান সমাবেশ মন্ডল, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট আলমগীর কবিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং কৃষি ও মৎস্য খাতের ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার শেষে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুততম সময়ে ডুমুরিয়ার জলাবদ্ধতা সংকট নিরসনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com