সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের চকমাহমুদালীপুর হাফেজিয়া মাদ্রাসায় স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ ও শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা প্রসার এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শনিবার (২৫ জুলাই) এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকমাহমুদালীপুর হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মঈন উদ্দিন (ময়না)। তিনি ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গণে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আলোচনা হয়। এ সময় আলহাজ মঈন উদ্দিন (ময়না) সংগঠনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।
ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে শিক্ষা সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, খাদ্য বিতরণ এবং শিক্ষা-সামগ্রী প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এসব জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে আরও উৎসাহিত করবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com