জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথকভাবে আলোচনা সভা, দোয়া, সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, সাংবাদিক, ছাত্র সমন্বয়ক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলাইমান কবির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আশেক এলাহী মুন্না।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপির নেতা ড. মনিরুজ্জামান মনির। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থেকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর চেতনা ধারণ করে সকল বিভেদ ভুলে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাও সবার দায়িত্ব।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, শহীদুজ্জামান শহীদ, কাশেম মোড়ল, আজিজুল হক, গাজী শাহ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com