দেবহাটায় দিনব্যাপী স্মরণসভা, দোয়া মাহফিল ও নানা কর্মসূচি
মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাব-সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী আগামী শনিবার (৮ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী স্মরণসভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও তবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক, আদর্শ শিক্ষক, দূরদর্শী রাজনীতিক ও সমাজসংস্কারক। ১৯৩৭ সালের ৬ ফেব্রুয়ারি দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। তিনি ১৯৫৪ সালে টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পরে কুষ্টিয়া ডিগ্রি কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি লাভ করেন।
শিক্ষকতা জীবনে তিনি টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চবিদ্যালয় ও সখিপুর মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে মুজাহিদ বাহিনীতে যোগ দিয়ে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকারের কাছ থেকে ‘ক্যাপ্টেন’ উপাধি লাভ করেন। তবে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। টাউনশ্রীপুর ও ভারতের টাকীতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন এবং মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের ভিত্তি গড়ে তোলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৮৫ সালে তিনি দেবহাটা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ১৯৯০ সালে তিনি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন। ১৯৯৩ সালের ২৩ জুলাই সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মো. আবুল ফজল ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ জানান, শনিবার সকাল ৭টায় পবিত্র কোরআন খতম, সকাল ১০টায় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান, দুপুর ১টায় মরহুমের কবর জিয়ারত এবং দুপুর ২টায় তবারক বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।
উদযাপন কমিটির পক্ষ থেকে ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com