খুলনার ডুমুরিয়া উপজেলায় বিল ও নদী এলাকার স্বাভাবিক পানির প্রবাহ ফিরিয়ে এনে চিংড়ি চাষে গতি ফেরাতে একাধিক ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি জলাশয় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, ক্ষতিকর নেট-পাটা অপসারণ এবং আধুনিক মৎস্য চাষ পদ্ধতির প্রসারে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়ার বিভিন্ন নদী ও খালে অবৈধ বাঁধ ও নেট-পাটা দেওয়ার কারণে এতদিন পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এর ফলে প্রাকৃতিক উপায়ে মাছের প্রজনন ও উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ চিংড়ি চাষিরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছিলেন না। এ পরিস্থিতি নিরসনে সম্প্রতি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, "ডুমুরিয়া অঞ্চলে মাছ ও চিংড়ি চাষের সম্ভাবনা প্রচুর। তবে খাল-নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া এবং ক্ষতিকর জালের ব্যবহারে পোনা ও মাছের প্রাকৃতিক উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা নদী ও খালের অবৈধ বাঁধ, নেট-পাটা উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছি এবং বিভিন্ন স্থানে অভয়ারণ্য তৈরির কাজ করছি। একই সাথে চাষিদের আধুনিক প্রযুক্তিতে মানসম্মত গলদা ও বাগদা চিংড়ি চাষে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। সমন্বিত নদী ব্যবস্থাপনা ও চাষিদের সচেতনতা বৃদ্ধি পেলে ডুমুরিয়ায় চিংড়ির উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হবে।"
সরকারি জমি ও জলাশয় দখলমুক্ত করার বিষয়ে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, "নদী ও খাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এগুলো সাধারণ মানুষের যৌথ সম্পদ। অবৈধভাবে বাঁধ বা নেট-পাটা দিয়ে জলাশয়ের স্বাভাবিক প্রবাহ আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। আমরা মৎস্য দপ্তরের সাথে সমন্বয় করে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি খাল ও নদীগুলোকে উন্মুক্ত করা হচ্ছে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে এবং প্রকৃত চাষিরা উপকৃত হতে পারেন। সরকারি জলাশয় অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।"
প্রশাসন ও মৎস্য দপ্তরের এই যৌথ উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয় চিংড়ি চাষিরা আশা প্রকাশ করছেন, সমন্বিত নদী ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডুমুরিয়ায় গলদা ও বাগদা চিংড়ির উৎপাদনে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com