বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাটকেলঘাটা নতুন বাজার মাঠে তালা উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বহুদলীয় গণতন্ত্রের ধারায় বিএনপির প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তিনি বলেন, “তালার মাটি বিএনপির ঘাঁটি। যারা ক্ষমতায় থাকে, তারাই উন্নয়ন করে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।”
তিনি আরও বলেন, খাল-নদী খনন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও দেশব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা এবং পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, “বিএনপি জনগণের সরকার। জনগণের দুর্ভোগ দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপি কাজ করতে চায়।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, মহিলা দলের সভাপতি মেহেরুনেছা মেহরুন, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, সহসাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, ধানদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, সাধারণ সম্পাদক মন্টু, আনিসুর রহমান, তালা উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সরজিৎ সরকার, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কবুতর ও বেলুন উড়িয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জনসভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com