সাতক্ষীরার পাটকেলঘাটায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। সোমবার রাত ৯টার দিকে শাকদাহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের এই তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপে প্রশংসিত হয়েছেন ওসি ও থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানাধীন শাকদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে দীর্ঘক্ষণ ধরে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় সাংবাদিক আল মামুন ও পথচারীরা। পরে বিষয়টি মোবাইল ফোনে পাটকেলঘাটা থানা পুলিশকে জানানো হয়।
খবর পাওয়ার পর বিলম্ব না করে ওসি শফিকুল ইসলাম একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। অজ্ঞাত ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে পুলিশের গাড়িতে করে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নিজে উপস্থিত থেকে চিকিৎসার ব্যবস্থা করেন এবং ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি নিশ্চিত করেন।
সাংবাদিক আল মামুন বলেন, “বাড়ি থেকে পাটকেলঘাটার উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। বিষয়টি দ্রুত পাটকেলঘাটা থানা পুলিশকে জানাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওসিসহ একজন কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছান। তার মুমূর্ষু অবস্থা দেখে থানার গাড়িতে করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমিও তাদের সঙ্গে হাসপাতালে যাই। জরুরি বিভাগে ওসি নিজে উপস্থিত থেকে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন। বিষয়টি সত্যিই প্রশংসনীয়।”
পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। লোকটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। একজন সাধারণ নাগরিকের জীবন রক্ষা করা আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের মূল লক্ষ্য তাকে সুস্থ করে তোলা এবং তার স্বজনদের কাছে পৌঁছে দেওয়া।”
বর্তমানে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় শনাক্তে জাতীয় পরিচয়পত্রের বায়োমেট্রিক ডাটাবেজসহ বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরিচয় বা স্বজনদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে সাতক্ষীরা সদর হাসপাতাল অথবা পাটকেলঘাটা থানায় যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com