সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ফুটবল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পাটকেলঘাটা ফুটবল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-০১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার জনপ্রিয়তার কারণেই বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়েছে। এখনও আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। তালা ও কলারোয়ার মানুষ আমাকে বেছে নিয়েছে, তার প্রমাণ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণই বুঝিয়ে দেবে।”
তিনি বলেন, “আমি নির্বাচিত হয়ে অতীতে পাটকেলঘাটাকে থানায় রূপান্তরিত করেছি। আগামীতে সংসদ সদস্য হতে পারলে পাটকেলঘাটাকে উপজেলা এবং তালা উপজেলাকে পৌরসভায় রূপান্তরিত করবো।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ঢাকা সহ বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের সাবধান করে বলতে চাই, বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে চায়। মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে তালা ও কলারোয়ার সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো। আমার এলাকায় কেউ কারো গায়ে হাত দিতে পারবে না। কোনো চাঁদাবাজি হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান—সবাই সমানভাবে নিরাপদ থাকবে।”
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে হাবিব বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্ন আয়ের নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, “বিগত দিনে আমি এমপি থাকাকালে দলীয় বিবেচনা না করে আওয়ামী লীগের অনেক নেতার হাতেগড়া স্কুল এমপিওভুক্ত করেছি। তাই আমি আশা করি আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও আমাকে ভোট দেবেন।”
জনসভায় সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, সাবেক তালা উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
https://www.kaabait.com