সাতক্ষীরার দেবহাটায় র্যাব-৬ এর অভিযানে একটি জীবিত তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী র্যাবের এসআই (নিঃ) মোঃ সানাউল্লাহ। দেবহাটা থানায় দায়ের হওয়া মামলার নম্বর- ১১।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার বাকাল এলাকায় টহল ডিউটির সময় ১২ মার্চ ২০২৬ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, দেবহাটা উপজেলার কুলিয়া টিকেট গ্রামের মোঃ মোমিন (৫২), পিতা-মৃত বাবর আলী মোল্লা, তার ঘরের ভেতরে একটি বন্যপ্রাণী বিক্রির জন্য অবস্থান করছে।
খবর পেয়ে র্যাব-৬ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে একটি জীবিত তক্ষকসহ মোঃ মোমিনকে আটক করা হয়। জব্দ করা তক্ষকটি কালো রঙের ডোরাকাটা, দৈর্ঘ্যে প্রায় ১৩ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯৫ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র তক্ষক ধরে অবৈধভাবে বিদেশে পাচার করে আসছে। এই চক্রটিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা তক্ষকটি আদালতের নির্দেশনা অনুযায়ী অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।
https://www.kaabait.com