সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামে সাহানারা বেগম (৩৮) নামে এক প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবহাটা থানায় একটি ইউডি মামলা (নং-১৪) দায়ের করা হয়েছে।
নিহত সাহানারা বেগম একই গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাহানারা বেগমকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে তাঁর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সাহানারা বেগম বিদেশে পাড়ি জমান। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। তবে কী কারণে তাঁর এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কোনো কারণ জানাতে পারেননি।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
https://www.kaabait.com