উপকূলীয় জেলা সাতক্ষীরাসহ আশপাশের অঞ্চলের অর্থোপেডিক চিকিৎসায় এক নির্ভরতার নাম হয়ে উঠেছেন ডা. হুমায়ূন কবির। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হাড়-জোড় ও অর্থোপেডিক সার্জারি বিভাগে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন তিনি।
এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি ‘ডি. অর্থো’ ও ‘এফসিপিএস’ ডিগ্রি অর্জন করেছেন। হাড় ভাঙা, হাড় ক্ষয়, বাতের ব্যাথা, জয়েন্ট প্রতিস্থাপন, পঙ্গুত্ব প্রতিরোধ এবং জটিল অর্থোপেডিক সার্জারিতে তার সুদীর্ঘ অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি রোগীদের মাঝে ব্যাপক আস্থা তৈরি করেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ তদারকির মাধ্যমে জটিল ও আশঙ্কাজনক রোগীদের সফল অস্ত্রোপচার সম্পন্ন হচ্ছে। ফলে স্থানীয় রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য জেলা ছেড়ে দূরদূরান্তে বা রাজধানী ঢাকায় ছুটতে হচ্ছে না। নিজ জেলাতেই সরকারি ব্যবস্থাপনায় স্বল্প খরচে মিলছে উন্নত মানের অর্থোপেডিক সেবা।
এ বিষয়ে স্থানীয় রোগীরা বলেন, ডা. হুমায়ূন কবিরের আন্তরিক ব্যবহার এবং নিবিড় পরিচর্যা রোগীদের দ্রুত সুস্থ হতে বড় ভূমিকা রাখছে। জটিল হাড় ভাঙা ও জয়েন্টের সমস্যায় দীর্ঘদিন কষ্ট পাওয়া অনেক রোগী তার অধীনে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
ডা. হুমায়ূন কবির বলেন, “অর্থোপেডিক সমস্যায় রোগীদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে অসচেতনতা বা অপচিকিৎসার কারণে ছোট আঘাত থেকেও স্থায়ী পঙ্গুত্ব তৈরি হতে পারে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সর্বস্তরের মানুষ সঠিক এবং আধুনিক চিকিৎসা সেবা পান।”
উপকূলীয় এই সীমান্তবর্তী অঞ্চলে সরকারি হাসপাতালে ডা. হুমায়ূন কবিরের মতো উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ চিকিৎসকের নিয়মিত সেবা প্রদান সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের রোগীদের জন্য এক বড় আশার আলো হিসেবে দেখা দিয়েছে।
https://www.kaabait.com