দেবহাটা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির বিষয়টি স্থানীয়দের নজরে এসেছে। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার এবং নিয়মিত মামলার আসামিদের আদালতে প্রেরণের কার্যক্রম জোরদার হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বর্তমানে থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে কোনো অনৈতিক ব্যয় করতে হয় না। ওসির কক্ষে প্রবেশের ক্ষেত্রেও বাড়তি কোনো বাধা নেই। ধনী-গরিব নির্বিশেষে সবাই সরাসরি তার সঙ্গে কথা বলতে পারেন।
ভুক্তভোগীরা জানান, কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রুজু না করে তিনি প্রথমে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরের কাছে পাঠান। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে এবং অপরাধের ধরন বিবেচনায় নিয়ে মামলা গ্রহণ করা হয়। এতে নিরীহ মানুষ হয়রানির শিকার হওয়ার আশঙ্কা কমেছে বলে তারা মনে করেন।
এছাড়া, বিভিন্ন বিরোধ বা অভিযোগের ক্ষেত্রে তিনি নিজেই বাদী-বিবাদী উভয় পক্ষকে ডেকে শুনানি করে সমাধানের চেষ্টা করেন। স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনে তিনি আন্তরিক এবং অধিকাংশ দিন দুপুরের খাবারের সময়ও পান না; রাত অবধি থানার কাজ নিয়ে ব্যস্ত থাকেন।
দেবহাটা উপজেলার ব্যবসায়ীরাও জানান, বর্তমানে থানায় গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সৌজন্যপূর্ণ আচরণ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। অযথা হয়রানির অভিযোগও আগের তুলনায় কমেছে বলে তাদের দাবি।
ব্যবসায়ী নেতাদের মতে, এ পরিবর্তনের পেছনে ওসি মোঃ জাকির হোসেনের সক্রিয় ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
https://www.kaabait.com