বাগেরহাটে মাছ চুরির অভিযোগে মধ্যবয়সী এক ব্যক্তিকে গণপিটুনির পর তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলার সাহিদের মোড় এলাকায় এই নৃশংস নির্যাতনের এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম শুকুর আলী মৃধা (৪৫)। তিনি মোল্লাহাট উপজেলার কাঁচনা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে চুনখোলার সাহিদের মোড় এলাকায় একটি মাছের ঘের থেকে মাছ চুরি করার সময় শুকুর আলীকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিতে শুরু করে। সোমবার সকালে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা তার ওপর ভয়াবহ নির্যাতন চালায় এবং তার দুই চোখ উপড়ে ফেলে।
পরে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.kaabait.com