সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ থেকে ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত প্রায় ৪কিলোমিটার রাস্তা এবং চারদশক আগে নির্মিত একমাত্র কালভার্টটি খসে খসে পড়ার কারণে মাঝখানে ছিদ্র হয়ে নিচের পানি দেখা যাচ্ছে। এতে প্রতিদিন ওই সড়কের উপর দিয়ে চলাচলকারী মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে। কালভার্টটির অবস্থা খুব নাজুক হওয়ায় যেকোনো সময় ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। চরম ঝুঁকিপূর্ন এই কালভার্টটি এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। গত দেড়দশ ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় বেশ কয়েক বছর খানাখন্দে পরিণত হয়ে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। দেখার যেন কেউ নেই, সাতক্ষীরার সুযোগ্য সংসদ সদস্য বিষয়টি দেখবেন কি?।
ফিংড়ী ইউনিয়নের অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রায় ১৫ বছর আগে পাকা করন করা হলেও আজ পর্যন্ত সংস্কার না করায় দীর্ঘদিন যাবত রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন রাস্তা দিয়ে হাজার হাজার পথচারীসহ ছোট বড় বিভিন্ন রকম যানবাহনে চলাচল করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য গত দেড় দশক আগে তৈরি করা পিচের রাস্তাটি বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
এ রাস্তা দিয়ে সাতক্ষীরা শহরসহ ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার থেকে আশাশুনি , দেবহাটা ,কালিগঞ্জ ও শ্যামনগরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র পরিবহন করে থাকে। সম্প্রতি রাস্তাটির করুন দশার কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কিছুতেই থামছে না দুর্ঘটনা।
কালভার্ট ও রাস্তাটির বেহালদশা দেখতে সরেজমিনে গেলে,ফয়জুল্যাপুর গ্রামের ইসহাক আলী জানান, আর কয়েক দিন পরে ধান কাটা শুরু হবে। এই কালভার্টের উপর দিয়ে শতশত কৃষকরা কালভার্টের উপর দিয়ে ধান ঘরে তুলবে। কিন্তু এবছর তাদের ঘরে ধান তুলতে হিমশিম খেতে হবে। ওই কালভার্টের উপর দিয়ে ঘরে ধান তোলা সম্ভব হবে না।
তাছাড়া খালে এখনো অনেক পানি থাকায় তীব্র ভোগান্তি পোহাতে হবে। ফলে শতশত কৃষকের মাথায় চিন্তার ভাজ পড়ে গেছে। তাই ধান কাটা শুরু হওয়ার আগেই বিকল্প পথ তৈরি করার জন্য কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
ফিংড়ী শেখপাড়া এলাকার বাসিন্দা ইউনুস আলী সরদার জানান- ফিংড়ী ইউনিয়নের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় দেড় দশক আগে পিচ করা হয়। কিন্তু অদ্যবদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন রকম সংস্কার কাজ না করায় প্রায় ৪কিলোমিটার রাস্তার অধিকাংশ জায়গা ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে অহরহ দুর্ঘটনা।
ফয়জুল্লাহপুর গ্রামের বাসিন্দা আল. সাইফুল্লাহ সরদার জানান- এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন শত শত ছোট-বড় বিভিন্ন রকমের যানবাহন চলাচল করে থাকে। কিন্তু রাস্তাটি এখন চলাচলের জন্য সম্পূর্ণ মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
সচেতন এলাকাবাসীর অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য সাতক্ষীরা নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
https://www.kaabait.com