• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮
সর্বশেষ :
মৎস্য ঘেরের আইলে সবজি চাষে তালার কৃষকদের সাফল্য মুঠোফোনে জুয়ার ফাঁদ: দ্রুত লাভের আশায় সর্বস্ব হারাচ্ছে তরুণরা বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

মৎস্য ঘেরের আইলে সবজি চাষে তালার কৃষকদের সাফল্য

নিজস্ব প্রতিনিধি / ১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় মৎস্য ঘেরের আইলে সবজি এবং ঘেরের পানিতে মাছ চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষকেরা। একই জমিতে মাছ ও সবজি চাষের সমন্বিত এ পদ্ধতি কৃষকদের বাড়তি আয়ের পাশাপাশি ঘেরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে ঘেরের আইলে মাচা পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন শত শত পরিবার।

 

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বর্তমানে প্রায় ২৭৬ হেক্টর জমিতে সমন্বিতভাবে মাছ ও সবজি চাষ হচ্ছে। উপজেলার নগরঘাটা, সরুলিয়া, খলিষখালীসহ বিভিন্ন ইউনিয়নে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। কৃষকদের দাবি, ঘেরের আইলে উৎপাদিত সবজিতে তুলনামূলক কম রাসায়নিক উপকরণ ব্যবহার করায় এসব সবজি নিরাপদ ও বিষমুক্তভাবে উৎপাদনের সুযোগ রয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার নগরঘাটা ও মিঠাবাড়ি এলাকায় সড়কের দুই পাশে ঘেরের আইলে গড়ে উঠেছে সবুজের সমারোহ। নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদাহ বিলের শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলে বাঁশ ও নেট দিয়ে তৈরি মাচায় ঝুলছে লাউ, মিষ্টি কুমড়া, করলা, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ঝিঙে ও লালশাক। কোথাও কোথাও ঘেরের বেড়িবাঁধে তরমুজ চাষ করেও সাফল্য পেয়েছেন কৃষকেরা।

 

মিঠাবাড়ি এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান, তাঁর তিন বিঘা মৎস্য ঘেরের আইলে বাঁশ ও নেট দিয়ে মাচা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৬ হাজার টাকা। ইতোমধ্যে মাচায় উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে তাঁর আয় ৫০ হাজার টাকা ছাড়িয়েছে। ঘেরের পানি শুকিয়ে গেলে একই জমিতে ধান চাষ করার পরিকল্পনা রয়েছে তাঁর।

 

আরেক কৃষক আব্দুর রহিম সরদার বলেন, মাচা তৈরির পর সেটি দুই থেকে তিন বছর পর্যন্ত ব্যবহার করা যায়। ফলে পরবর্তী সময়ে উৎপাদন খরচ অনেকটাই কমে আসে। একই সঙ্গে ঘেরে মাছ চাষের পাশাপাশি আইলে সবজি উৎপাদন করায় বাড়তি আয় হচ্ছে।

 

পার্শ্ববর্তী এলাকার সফল মৎস্যচাষি তরিকুল ইসলাম, ভূবনেশ্বর, স্বপন, অসিত কুমার মণ্ডল, তবিবুর রহমান ও আমান উল্লাহর ঘেরেও দেখা গেছে একই চিত্র। যতদূর চোখ যায়, ঘেরের আইলে মাচায় ঝুলছে করলা, লাউ ও মিষ্টি কুমড়া। সবুজে ঘেরা এসব ঘের শুধু কৃষকদের বাড়তি আয়ের সুযোগই তৈরি করছে না, বরং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও বাড়িয়ে দিয়েছে।

 

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, মৎস্য ঘেরের আইলে সবজি চাষ করে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। ঘেরের পানিতে মাছ এবং আইলে সবজি চাষের মাধ্যমে একই জমি থেকে দুই ধরনের উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষকদের এ সমন্বিত চাষ পদ্ধতিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।

 

কৃষকদের মতে, মৎস্য ঘেরের আইলে সবজি চাষের ফলে একদিকে যেমন বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে পতিত পড়ে থাকা ঘেরের পাড়ও উৎপাদনের আওতায় আসছে। সরকারি সহায়তা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ আরও বাড়ানো গেলে তালায় সমন্বিত মাছ ও সবজি চাষের পরিধি আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com