• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সাংবাদিক সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি আলহাজ্ব আবু কওছার, সিনিয়র সাংবাদিক ইঞ্জিনিয়ার আফজালুর রহমান, আবু সাঈদ, আনিসুর রহমান, আব্দুল কাদের, রনজিৎ বর্মন, হুসাইন বিন আফতাব, এস এম মিজানুর রহমান, মাহমুদুল ফিরোজ বাবুল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেলসহ অনেকে।

 

বক্তারা বলেন, পেশাজীবী সংগঠন প্রেসক্লাব ভবনে প্রকাশ্যে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তাদের অভিযোগ, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে এ হামলা পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার আগে পুলিশকে অবহিত করা হলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন তারা। ফলে হামলাকারীরা নির্বিঘ্নে প্রেসক্লাব কার্যালয়ে প্রবেশ করে মারধর করতে সক্ষম হয়।

 

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শ্যামনগর থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পূর্বে অবহিত করা সত্ত্বেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ করেন বক্তারা।

 

এ বিষয়ে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতেরও দাবি জানানো হয়।

 

উল্লেখ্য, সোমবার (২ মার্চ) দুপুরে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন করে। একপর্যায়ে যুবদল সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে দৈনিক সমকালের প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি মনিরের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com