সাতক্ষীরা জেলার মোট ৭৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও বিচার নিষ্পত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ। দক্ষ পরিচালনা, দ্রুত বিচার নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নটি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
জানা গেছে, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ। স্থানীয় ছোটখাটো বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব, জমিজমা সংক্রান্ত সমস্যা ও সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউনিয়ন পরিষদটি।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন বলেন, “গ্রাম আদালত মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম। আমরা সবসময় নিরপেক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছি। এ অর্জন ইউনিয়নবাসী, পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
তিনি আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও কম খরচে বিচার পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। ফলে আদালতমুখী মামলার চাপও অনেকাংশে কমেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের এ সাফল্য জেলার অন্যান্য ইউনিয়নের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা মনে করছেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
https://www.kaabait.com