সাক্ষরতার আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা গণস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কেবিএ কলেজের শিক্ষক আবুল তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিওকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের সচেতনতা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার। একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনা জরুরি।
বক্তারা আরও বলেন, নিরক্ষরতার অন্ধকার দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি সচেতন, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
https://www.kaabait.com