যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তাঁর বহনকারী গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও এয়ারব্যাগ খুলে যাওয়ায় তিনি ও তাঁর সফরসঙ্গীরা প্রাণে রক্ষা পেয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুরের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুল ইসলাম হাবিব কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। এরপরও দায়িত্ব পালনের জন্য তিনি ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বা পিকআপ তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গাড়িটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে গাড়ি থেকে হাবিবুল ইসলাম হাবিব ও তাঁর সফরসঙ্গীদের উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি কলারোয়ায় নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
দুর্ঘটনার পর তাঁর মেয়ে কানিতা ইয়া লাম-লাম সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
দুর্ঘটনার বিষয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালতলা অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁদের গাড়িতে সজোরে আঘাত করে। এতে গাড়ির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে মহান আল্লাহর রহমত, সময়মতো এয়ারব্যাগ খুলে যাওয়া এবং মানুষের দোয়ায় তাঁরা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। স্থানীয় বিএনপি নেতারা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং পালিয়ে যাওয়া যানবাহন ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা জেলা বিএনপির সচিব আবু জাহিদ ডবলু বলেন, হাবিবুল ইসলাম হাবিবের গাড়িতে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, মহাসড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত ঘাতক যানটি শনাক্ত করার দাবি জানানো হয়েছে।
তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ জানান, হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পাটকেলঘাটার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাস্থল কিছুটা ফাঁকা হওয়ায় ঘাতক যানটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা, কলারোয়া ও তালার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। পরে হাবিবুল ইসলাম হাবিব সুস্থ আছেন জানতে পেরে তাঁদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তাঁর সুস্থতা ও নিরাপত্তা কামনায় বিভিন্ন স্থানে দোয়া অব্যাহত রয়েছে।
https://www.kaabait.com