ইছামতী নদী, সবুজ প্রকৃতি, কৃষি, মৎস্যসম্পদ ও সীমান্তঘেঁষা অবস্থান—সব মিলিয়ে সাতক্ষীরার দেবহাটা একটি সম্ভাবনাময় জনপদ। উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা—এই পাঁচ ইউনিয়নের মানুষের জীবন-জীবিকা যেমন কৃষি ও মৎস্যনির্ভর, তেমনি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছে অসংখ্য মানুষ।
তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জ।
যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মাদক, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির বিকাশ—এসব ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগের প্রত্যাশা রয়েছে স্থানীয়দের। তাদের মতে, বিদ্যমান সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে দেবহাটার অর্থনীতি ও মানুষের জীবনমান আরও উন্নত করা সম্ভব।
কুলিয়ায় কৃষি-মৎস্য ও কর্মসংস্থানে গুরুত্ব
কুলিয়া ইউনিয়নের বাসিন্দা ওমর ফারুক মুকুল বলেন, “আমাদের এলাকায় কৃষি ও মৎস্যের ওপর অনেক মানুষ নির্ভরশীল। ভালো যোগাযোগ ব্যবস্থা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে মানুষের জীবনযাত্রার আরও উন্নতি হবে।”
পারুলিয়ায় শিক্ষা, যোগাযোগ ও তরুণদের সুযোগ
পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা ইমরান হোসেন গাজী বলেন, “পারুলিয়া গুরুত্বপূর্ণ একটি জনপদ। এখানে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন দরকার। বিশেষ করে তরুণদের জন্য খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রয়োজন।”
সখিপুরে রাস্তা-ঘাট ও জনসেবায় প্রত্যাশা
সখিপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাদের বলেন, “সখিপুরে কৃষি ও ব্যবসার পাশাপাশি মানুষের বসবাসও অনেক। রাস্তা-ঘাটের উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে আরও কার্যকর উদ্যোগ চাই। উন্নয়ন হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে।”
নওয়াপাড়ায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও মাদকমুক্ত সমাজের দাবি
নওয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা দেব কুমার কর্মকার বলেন, “আমাদের এলাকার কৃষক ও সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা হলো ভালো যোগাযোগ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো দরকার।”
দেবহাটায় পর্যটনের সম্ভাবনা
দেবহাটা ইউনিয়নের বাসিন্দা ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা বলেন, “ইছামতী নদী ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে দেবহাটায় পর্যটনের বড় সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র গড়ে তোলা গেলে মানুষের বিনোদনের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।”
প্রশাসনের পরিকল্পনা
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, স্থানীয় মানুষের চাহিদা ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ দেবহাটার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি নিরাপদ, শিক্ষাবান্ধব, পরিবেশসম্মত ও উন্নত জনপদ গড়ে তুলতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
দেবহাটার বর্তমান সম্ভাবনার পাশাপাশি রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য। খুলনা বিভাগীয় শহর হওয়ারও আগে ব্রিটিশ আমলে ১৮৬৭ সালে দেবহাটাকে পৌরসভা ঘোষণা করা হয়েছিল। এর কার্যালয় ছিল ঐতিহাসিক টাউনশ্রীপুর গ্রামে। পরবর্তীতে ১৯৫০-৫১ সালের দিকে তৎকালীন পাকিস্তান সরকার পৌরসভাটি বিলুপ্ত করে।
স্থানীয় ইতিহাস ও প্রচলিত তথ্য অনুযায়ী, একসময় দেবহাটার টাউনশ্রীপুর ও সুশীলগাঁতী গ্রামে একসঙ্গে ১৮ জন জমিদারের বসবাস ছিল। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডা. বিধান চন্দ্র রায়ের পূর্বপুরুষ এবং ভারতের সাবেক সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর আদি ভিটাও দেবহাটায় ছিল বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে।
ইছামতী নদীর ওপারেই ভারতের হাসনাবাদ রেলস্টেশন থাকায় ব্রিটিশ আমলে দেবহাটার মানুষের ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের সঙ্গে কলকাতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ফলে ভৌগোলিক অবস্থানের কারণে একসময় দেবহাটা স্থানীয় ও আন্তঃসীমান্ত বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
সম্ভাবনার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যাশা
পাঁচ ইউনিয়নের মানুষের প্রত্যাশায় ভিন্নতা থাকলেও কয়েকটি বিষয়ে রয়েছে অভিন্ন মত—উন্নত যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, নিরাপদ পরিবেশ এবং মাদকমুক্ত সমাজ।
ইছামতীর তীরের এই জনপদে কৃষি, মৎস্য, প্রকৃতি, ইতিহাস ও পর্যটনের রয়েছে নানা সম্ভাবনা।
এসব সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সরকারি-বেসরকারি উদ্যোগ ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেবহাটার আর্থসামাজিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে—এমন প্রত্যাশাই স্থানীয়দের।
https://www.kaabait.com