ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক ওরফে মানিক কাজী নামে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মানিককে আটক করা হয়। পরে সাতক্ষীরা থানা পুলিশ তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।
সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৮ নভেম্বর মানিক তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে চিকিৎসার কথা বলে ভারতে যান। তাঁর দুই বন্ধু আগেই দেশে ফিরে এলেও মানিক সোমবার দুপুরে বাংলাদেশে প্রবেশের সময় ভোমরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কাজী আজহারুল ইসলাম মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগে কেশবপুর থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মানিকের পরিবারে রয়েছে ভিন্ন রাজনৈতিক পরিচিতি। তাঁর বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, তাঁর বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি। পাঁচ ভাইয়ের মধ্যে মানিক চতুর্থ।
তবে স্থানীয় প্রশাসন ও পরিবার সূত্রের দাবি, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরে যোগাযোগ বা সুসম্পর্ক নেই।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার মানিককে আদালতে সোপর্দ করা হবে।
https://www.kaabait.com