সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তালা সদরের মহল্লাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মোঃ নুরুল ইসলাম (৪৫), কনের পিতা তালা সদরের মহল্লাপাড়া শেখ সুমন (৩৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলা সদরের মহাল্লা পাড়ায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বর ও তার আত্নীয়রা। পরে ঘটনাটি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন আদালত।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর আলোকে এ দণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, সমাজে বাল্যবিয়ে রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
https://www.kaabait.com