বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে পাঁচ দিনের ঐতিহাসিক শিক্ষা সফর শেষে নিরাপদে সাতক্ষীরায় ফিরেছেন বিডিএফ প্রেসক্লাবের ২১ সাংবাদিক। ১৭ নভেম্বর সকালে তাঁদের বহনকারী বাসটি সাতক্ষীরায় পৌঁছায়। সাগরজলে আনন্দে মাতা এই সফরের প্রতিটি মুহূর্ত সফরসঙ্গীদের জীবনে হয়ে থাকবে এক স্মরণীয় অভিজ্ঞতা।
১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ২১ জন অংশগ্রহণকারীকে নিয়ে বহনকারী বাসটি সাতক্ষীরা থেকে কক্সবাজারের পথে ছুটে চলেছিল। যাত্রার শুরুতে দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম বিদায় জানিয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি সফরের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং শিক্ষা সফর উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশনা মোতাবেক সবাইকে চলাফেরা করার উদাত্ত আহ্বান জানান।
সাতক্ষীরা থেকে কক্সবাজার পথটা কম নয়। দীর্ঘ পথের এই যাত্রায় বাসের জানালা দিয়ে পাল্টে যাওয়া দৃশ্য দেখতে দেখতে সময় কেটে গিয়েছিল সফরসঙ্গীদের। পথে থেমে চা-নাশতা, গল্প-আড্ডা আর গান যাত্রাপথটুকুও হয়ে উঠেছিল সফরের অংশ। দীর্ঘ পথ পেরিয়ে সৈকতে পৌঁছেই সদস্যদের চোখে-মুখে ফুটে উঠেছিল আনন্দের ছাপ। সামনে তখন বঙ্গোপসাগরের নীল জলরাশি, পেছনে ফেলে আসা পথের ক্লান্তি যেন এক নিমেষে মুছে গিয়েছিল। সদস্যরা ছিলেন হোটেল গ্রীন প্যালেসে।
কক্সবাজার শহরের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ঘিরে গড়ে উঠেছে সৈকতের প্রাণকেন্দ্র। যত দূর চোখ যায়, তত দূর শুধু বালি আর সাগর। ভোরের আলোয় সৈকত এক রকম, দুপুরের রোদে আরেক রকম, আর সন্ধ্যার সূর্যাস্তে আরেক রকম। সূর্য যখন সাগরের বুকে ডুবতে থাকে, তখন পুরো আকাশ রঙিন হয়ে ওঠে। সফরের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল সমুদ্রস্নান। সৈকতে নেমে ঢেউয়ের সঙ্গে খেলা সে এক অন্যরকম অনুভূতি। ঢেউ এসে পায়ের কাছে আছড়ে পড়ে, আবার ফিরে যায়। সফরসঙ্গীরা দল বেঁধে সমুদ্রে নেমেছিলেন। কেউ বুক পর্যন্ত পানিতে দাঁড়িয়ে ঢেউ গুনছিলেন, কেউবা ঢেউয়ের সঙ্গে ভেসে যাচ্ছিলেন। সৈকতের ভিড়, হাসি-আনন্দ আর ঢেউয়ের গর্জন মিলে তৈরি হয়েছিল এক উৎসবের পরিবেশ। জেট স্কিতে চড়ে সাগরের বুকে ঘুরে বেড়ানো, বালির ওপর দিয়ে ঘোড়ায় চড়া, সৈকতের ধারে বসে ঢেউ দেখা আর ছবি তোলা — সবকিছুরই আলাদা আনন্দ। সৈকতের পাশে সারি সারি দোকান; ডাব, ভুট্টা আর নানা রকম খাবারের পসরা।
বঙ্গোপসাগরের এই তীরে দাঁড়িয়ে সাগরের বিশালতা টের পাওয়া যায়। সারি সারি জেলে নৌকা আর ট্রলার সাগরে ভাসে। জেলেরা ভোরে সাগরে যান, ফিরে আসেন মাছ নিয়ে। সৈকতের পাশে শুঁটকির বাজার আর বার্মিজ মার্কেট ঘুরে স্থানীয় মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পান সফরসঙ্গীরা। কক্সবাজারের আরেক পরিচয় শুঁটকি। সাগর থেকে ধরা মাছ রোদে শুকিয়ে তৈরি হয় শুঁটকি, যা দেশের নানা প্রান্তে যায়। সাগর এখানে শুধু সৌন্দর্য নয়, জীবিকারও উৎস।
সফরের অন্যতম আকর্ষণ ছিল দ্বীপ ভ্রমণ। ১৫ নভেম্বর সফরসঙ্গীরা মহেশখালী দ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। সভাপতি জি এম আমিনুল হকের সঙ্গে ছিলেন সাংবাদিক মিজানুর রহমান ও রবিউল ইসলাম। তাঁরা আদিনাথ মন্দির, বড় রাখাইন পাড়ার বৌদ্ধ মন্দির ও গোলদিঘি বৌদ্ধ বিহার, মহেশখালী সৈকত, শুটিং ব্রিজ, পানবরজ ও লবণের মাঠ পরিদর্শন করেন। একই দিনে সফরসঙ্গীরা সাগরের নীল জলরাশি পাড়ি দিয়ে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনেও যান। সেখানে নারকেল গাছ, সুপারি গাছ আর কেয়া ফল গাছের সারি, আর ঢেউয়ের জোরালো আছড়ে পড়া সবাইকে মুগ্ধ করে।
কক্সবাজার বলতে শুধু মূল সৈকতটুকুই নয়। কাছেই হিমছড়ির পাহাড় আর ঝরনা, ইনানীর প্রবাল পাথরের সৈকত — প্রকৃতির এসব রূপও কক্সবাজারের পরিচয়ের অংশ। কক্সবাজার নামটির পেছনে রয়েছে ইতিহাস। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নামে এই শহরের নাম। সাগরের তীরে গড়ে ওঠা এই জনপদ একসময় ছিল পালংকী নামে পরিচিত।
এই ঐতিহাসিক শিক্ষা সফরে অংশ নেন সভাপতি জি এম আমিনুল হক, সহসভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা, অর্থ সম্পাদক মো. শরীফুল আলম রানা, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, শিক্ষা সফর উদযাপন কমিটির আহ্বায়ক এস এম ইসমাইল হোসেন, সদস্য সচিব এম এম জয়নাল, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো. রবিউল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. আছাদুল ইসলাম, সাংবাদিক মোস্তাকিম হোসেন, মাসুদ রানা, সাংবাদিক আব্দুল করিম এবং অতিথি হিসেবে আক্তারুল ইসলাম, আলহাজ্ব ডা. মো. সাইফুল্লাহ সরদার, আব্দুল মাজেদ, মো. মোশাররফ হোসেন, মো. সিরাজুল ইসলাম ও সমাজসেবক সোহাগ সরদার।
সভাপতির বক্তব্যে জি এম আমিনুল হক বলেন, নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় এত বড় একটা প্রোগ্রাম করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ, সব ভয়কে জয় করে বিডিএফ প্রেসক্লাবের এই ঐতিহাসিক শিক্ষা সফরে অংশগ্রহণকারী সবাইকে তিনি উষ্ণ অভ্যর্থনা জানান। শিক্ষা সফর উদযাপন কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় খুব স্বল্প সময়ের মধ্যে সফর সম্পন্ন করার জন্য তিনি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি যাঁরা এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী জানান, এই ঐতিহাসিক শিক্ষা সফর আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলহাজ্ব ডা. মো. সাইফুল্লাহ সরদার জানান, বড় ভাই সভাপতি জি এম আমিনুল হকের আমন্ত্রণে এই শিক্ষা সফরে অংশ নিতে পেরে তিনি গর্বিত। আগামীতে সুযোগ হলে আবারও অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বিডিএফ প্রেসক্লাবের পাশে থাকার অঙ্গীকার করেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আক্তারুল ইসলাম বলেন, বিডিএফ প্রেসক্লাব একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। অতীতের ন্যায় সবসময় ক্লাবের পাশে থেকে এলাকার মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এত বড় প্রোগ্রাম করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষা সফর উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আক্তারুল ইসলাম। তিনি নবনির্বাচিত সভাপতি জি এম আমিনুল হককে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
একুশ জন সদস্যের একসঙ্গে কাটানো এই সময়টুকু শুধু সাগর দেখার নয়, একে অপরকে আরও কাছ থেকে জানারও। সকালে একসঙ্গে সৈকতে যাওয়া, দুপুরে একসঙ্গে খাওয়া, সন্ধ্যায় সৈকতের ধারে বসে আড্ডা — এই ছোট ছোট মুহূর্তগুলোই সফরকে স্মরণীয় করে তোলে। এই সফর সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও অভিজ্ঞতা বিনিময়ের পথ সুগম করেছে।
অনিবার্য কারণে সাত দিনের লক্ষ্যমাত্রার সফর একদিন কমিয়ে পাঁচ দিনে শেষ করা হয়। ১৬ নভেম্বর বিকেলে কক্সবাজার ছেড়ে বাসটি সাতক্ষীরার পথে রওনা হয়। ফেরার পথে রাত সাড়ে বারোটায় কুমিল্লার নুর জাহান হোটেলের সামনে থেমে বিখ্যাত রসমালাইয়ের স্বাদ নেন সফরসঙ্গীরা। ১৭ নভেম্বর সকালে সবাই নিরাপদে সাতক্ষীরায় পৌঁছান। শিক্ষা সফর মানে শুধু বেড়ানো নয় — দেখা, জানা আর শেখা। সাগর, প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার এই অভিজ্ঞতা সাংবাদিকদের লেখালেখিতে নতুন মাত্রা যোগ করবে। সাগর শেখায় ধৈর্য আর বিশালতা; ঢেউ শেখায় বারবার ফিরে আসার শক্তি। ১৯৯৯ সালে মোমবাতির আলোয় যাত্রা শুরু করা বিডিএফ প্রেসক্লাবের এই সফরের স্মৃতি সবার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
https://www.kaabait.com