তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
সাতক্ষীরার দেবহাটায় ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্সসহ নুর ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আটক নুর ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে দেবহাটা উপজেলার বহেরা বাজারসংলগ্ন নুরুল আমিনের চায়ের দোকানের সামনে বহেরা বাজার থেকে বহেরা হাইস্কুলগামী সড়কে তিন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁদের আটক করেন।
খবর পেয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে নুর ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তাঁর সঙ্গে থাকা শরিফুল ইসলাম (৩২) ও মজনু মোড়ল (৩৫) পালিয়ে যান। তাঁদের বাড়িও সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর এলাকায়।
এ ঘটনায় দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ মিয়া বাদী হয়ে আটক নুর ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার নম্বর ১৩, তারিখ ৩০ অক্টোবর ২০২৬।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও কাজ করছে পুলিশ। আটক নুর ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
https://www.kaabait.com