• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২
সর্বশেষ :

ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড

জিএম আমিনুল হক / ২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগীপোতা ও শুকদেবপুর গ্রামে গভীর রাতে আকস্মিক টর্নেডোর আঘাতে একটি মন্দিরসহ বেশ কয়েকটি বসতঘর, গোয়ালঘর ও বিচালির গাদা লন্ডভন্ড হয়ে গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আকস্মিক টর্নেডোটি আঘাত হানে। মুহূর্তের মধ্যে ঝড়ের তাণ্ডবে যুগীপোতা গ্রামের উৎপল সরকার, জ্ঞানেশ সরকার ও আকলিমা খাতুনের বসতঘরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে শুকদেবপুর গ্রামের একটি মন্দির, মন্টু বিশ্বাসসহ একাধিক ব্যক্তির বসতবাড়ি, গোয়ালঘর ও বিচালির গাদা তছনছ হয়ে যায়।

 

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে আকস্মিকভাবে টর্নেডো শুরু হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কয়েক মিনিটের তাণ্ডবে ঘরবাড়ির চালা ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছেন।

 

ঘটনার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি যুগীপোতা ও শুকদেবপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মন্দির, বসতঘর ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

 

এ সময় ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেল, জি এম আমিনুল হক (বাবু গাজী), ইউপি সদস্য তপন কুমার শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের সমস্যার কথা শোনেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে তাকদীর আহসান রুবেলকে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

 

স্থানীয়রা টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com