সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দেবহাটা থানা ফুটবল একাদশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ও দেবহাটা থানা ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলায় উত্তেজনা তৈরি করে। তবে নির্ধারিত সময়ের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
খেলার দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটে দেবহাটা থানার ৪ নম্বর জার্সিধারী সোহেল রানা দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পায় দেবহাটা থানা একাদশ।
এর আগে গত ২২ সেপ্টেম্বর চারটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নকআউট পর্বে অংশ নেয় দেবহাটা চেয়ারম্যান একাদশ, দেবহাটা সাংবাদিক একাদশ, উপজেলা প্রশাসন একাদশ ও দেবহাটা থানা একাদশ।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক দর্শক উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন।
খেলা উপভোগ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন। তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি তাওসিফ রহমান সাগর ও নাজির হোসেন।
খেলার ধারাভাষ্যে ছিলেন দেবহাটা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার ও চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।
https://www.kaabait.com