দেশব্যাপী পরিকল্পিত সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং তা প্রতিরোধের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে শ্যামনগর মাইক্রো স্ট্যান্ড চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সোলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আশিক এলাহী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি’র নেতা ড. মোঃ মনিরুজ্জামান মনির।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের দোসরদের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এ সময় নেতৃবৃন্দ যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
https://www.kaabait.com