রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির সক্রিয় সদস্য ও শুটার হিসেবে পরিচিত ইমরানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপসা উপজেলার দেওয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান (৪০), আইচগাতি গ্রামের আনোয়ার খানের ছেলে ইমন খান (২১), রাজাপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. আল আমিন (২০), বাহাপুর গ্রামের মো. রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম (২১) এবং আইচগাতি গ্রামের আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার (১৯)।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার ইমরান খুলনার বি-কোম্পানি গ্রুপের প্রধান হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী। তিনি গ্রুপটির সক্রিয় সদস্য ও শুটার হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলার তথ্য রয়েছে।
এ ছাড়া খুলনা মহানগরী, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির নামে চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
যৌথ আভিযানিক দল জানায়, গ্রেপ্তারের পর তাঁদের দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
https://www.kaabait.com