সাতক্ষীরার শ্যামনগরে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে ঘরের খুঁটির সাথে বেঁধে নির্যাতন চালিয়েছে ছেলে নুর মোহাম্মদ ও পৌত্র রিফাত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আবাদচন্ডিপুর গ্রামে ঘটনাটি ঘটার পর মুমূর্ষু অবস্থায় মোঃ ছফেদ আলী গাইন নামে ঐ বৃদ্ধকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বসত ঘরের খুঁটি পরিবর্তন করতে গেলে বাধা দেয়ার এক পর্যায়ে পৌত্রসহ ছেলে নুর মোহাম্মদ এমন ঘটনা ঘটায় বলে দাবি বৃদ্ধের। তিনি একই গ্রামের মৃত আবুল কাশেম গাইনের ছেলে।
চিকিৎসাধীন মোঃ ছফেদ আলী গাইন নিজের পুরানো বসতঘরের খুটি সরিয়ে পাকা দেয়াল তৈরী করছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরের আগে হঠাৎ তার ছেলে ও পৌত্র এসে বাদানুবাদের একপর্যায়ে হাতের আঙুল মুচড়ে দেয়ার পাশাপাশি কিল-ঘুষি মারে।
খবর পেয়ে ছোট ছেলে রাশিদুল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। তিনি নিজের পৌত্রসহ সন্তান নুর মোহাম্মদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন বলেও জানান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান লিখিত অভিযোগ পাওয়া যায়নি এখনো। অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
https://www.kaabait.com