খুলনায় পুলিশের সামনে প্রকাশ্যে ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা সাবেক নগর ছাত্রলীগ নেতা মাসুদ হোসেন সোহানের বিরুদ্ধে আসন্ন ডিসেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা পুনরুজ্জীবিত এবং নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র।
রাজনৈতিক অঙ্গনে সোহান সাবেক নগর ছাত্রলীগ নেতা এবং সাবেক ছাত্রলীগ সহসভাপতি ফারুক হোসেন হিটলুর অনুসারী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানপন্থী হিসেবেও পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় শিক্ষার্থীদের হুমকি, হয়রানি ও নির্যাতনের ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ওই সময় খুলনার শিববাড়ী মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এ সময়েও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে খুলনার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে খুলনা পুলিশ লাইনের সামনের সড়কে পুলিশের গাড়ির সামনে একটি ঝটিকা মিছিল বের হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলের সামনের সারিতে মাসুদ হোসেন সোহানকে নেতৃত্ব দিতে দেখা যায়। প্রকাশ্য সড়কে পুলিশের উপস্থিতিতে এমন মিছিলের ঘটনা নগরজুড়ে আলোচনার জন্ম দেয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডিসেম্বর ঘিরে তৎপরতার আশঙ্কা
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ডিসেম্বর মাসের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া বিস্ফোরক-সংশ্লিষ্ট তৎপরতা এবং নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনায় সোহানের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অনুসন্ধানী সূত্রের বরাতে নগরীর কয়েকটি এলাকায় সাবেক আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তির তৎপরতা নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন বিহারি কলোনির সাবেক যুবলীগ নেতা সাইদ, ফরাজীপাড়ার মোহাম্মদ আলী, ময়লাপোতা সোলেমান নগর এলাকার সেলিম এবং শেখ সোহেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হুদা।
এ ছাড়া নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ নেতা কালা হাসান, ইনফরমার হিসেবে পরিচিত জসিম এবং মহিলা লীগের কর্মী হিসেবে পরিচিত লাকির বিরুদ্ধেও বিভিন্ন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সূত্রগুলোর দাবি, তাঁদের আশ্রয়-প্রশ্রয়ে নগরীর বাইরে থেকে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে খুলনায় আনা হয়েছে। ডিসেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে তাঁদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
তবে এসব ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের বক্তব্যও পাওয়া যায়নি।
পুলিশের সামনে ঝটিকা মিছিলের নেতৃত্বদানকারী হিসেবে আলোচনায় আসা সোহানসহ অভিযোগের মুখে থাকার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা প্রতিরোধে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন সচেতনমহল।
নগরবাসীর প্রত্যাশা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত এবং উত্থাপিত অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। একই সঙ্গে কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
https://www.kaabait.com