বদলিজনিত কারণে খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে খুলনা জেলা পুলিশের উদ্যোগে শিরোমনি পুলিশ লাইন্সের ড্রিলশেডে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বিদায়ী পুলিশ সুপারের সততা, পেশাদারিত্ব ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর কর্মকালীন অবদানের কথা স্মরণ করেন।
বিদায়ী বক্তব্যে সরকার ওমর ফারুক জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপরাধ দমনে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি খুলনা জেলার মানুষের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বাংলাদেশ পুলিশের প্রচলিত রীতি অনুযায়ী তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সহকর্মীরা আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজাসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
https://www.kaabait.com