দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান করে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি এইচ ও) ডা. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে বুধবার সকালে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। বর্তমানে আক্রান্ত রোগী শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদ্রোগ। হার্ট অ্যাটাকের রোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে আনা সম্ভব হলে চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রয়োগের মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালিতে জমাট বাঁধা রক্ত গলিয়ে রক্ত চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করা যায়। এ চিকিৎসা উপযুক্ত রোগীর ক্ষেত্রে মৃত্যুঝুঁকি ও হৃদ্যন্ত্রের জটিলতা কমাতে সহায়ক হতে পারে।
চলতি বছরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের পরিকল্পনা ও উদ্যোগে জরুরি হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন সরবরাহের ব্যবস্থা করা হয়।
এর আগে গত ১২ অক্টোবরও একই হাসপাতালে জরুরি হার্ট অ্যাটাকের এক রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান করা হয়। ওই রোগীকে চিকিৎসা দেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমুস সাকিব। সফল থ্রম্বোলাইসিস ও পরবর্তী চিকিৎসা শেষে তাঁকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, সময়মতো সঠিক চিকিৎসা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সংকটাপন্ন রোগীর জীবন রক্ষা করা এবং হৃদ্যন্ত্রের জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। উপজেলা পর্যায়েও জরুরি হৃদ্রোগের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বুকের ব্যথাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আসতে হবে।
https://www.kaabait.com